Saturday, August 4, 2018

নকশি কাঁথা

নকশি কাঁথার একটা নকশা
বুনছি আমি স্বপ্ন রঙে,
নানান কাব্য তার জমিতে
গাঁথছি আমি আপন ঢঙে।

গল্প যখন সাঙ্গ হবে,
উঠবে ফুটে কল্প জগৎ,
জড়িয়ে নিয়ে আমার আদর
হাঁটবে তুমি, সঙ্গ দেবে হিমেল শরৎ।

Sunday, April 29, 2018

কথন

কিছু শব্দের ভিজে দরজা
টেবিলের কাঠে নামেদের মালা
শিশিরের ঘ্রাণও মিঠে, সুরেলা,
অবেলায় বসে ভালবেসে যাওয়া।

খুলে যায় কোন চেনা জানালা
আলোছায়া ঘরে কার ঘোরাফেরা?
মুখেদের ভিড়ে তাকে চিনে নেওয়া,
পুরাতনী গান যেন চুপিসারে শোনা।

Friday, March 9, 2018

ভাঙন

মূর্তিরা সব শব হয়েছে,
শবগুলো সব মূর্তি
হিংসা যখন যুক্তি শানায়
ভাঙনেই তো মুক্তি।

বিমূর্ততাও বিকোয় হেথায়
শান্তি-চুক্তি চিতায়
আগুন শুধু দহন করে
পাবকই তো পোড়ায়।

যম এসেছে পাশের বাড়ি
আমি গড়ছি খামার
সাম্য-সুধার গরল মাদক
অচেত করুক আমায়।

Thursday, December 28, 2017

প্রেম

চিন্তা ছিল ভাবনার পাশে
ভাবনা ছিল চিন্তার পিঠে
অকালে দুজনের হত কোলাকুলি
প্রাণ ভরে যেত মিঠে আহ্লাদে।

প্রেম বহুরূপী, বিচিত্র বিস্তারে
দুঃখেরও জাগে পিরিতি
নিরাশাও কাঁদে মাথুরের রেশে।

Saturday, September 23, 2017

চিত্রকল্প

তথাপি
মেঘেদের দেশে, গৈরিক মেশে সুনীলের মাঝে
তথাপি
জোনাকির ঝাঁপি, তিলেকও জ্বেলে রাখে বাতি
তথাপি
সুর সে যে সুরেলা, তান কভু একতারা
ধরে, বা এস্রাজ নিধুবাবু টপ্পায় বাজে।
তথাপি
রাস্তার বাঁক, থেমে যায় শুনে অমলের ডাক।
তথাপি
কাশফুল-রেলগাড়ি, বাল্যের ছুটন্ত ছবি
তথাপি
গঙ্গার ঘাটে, মাঝিদের বৈঠায় ছন্দেরা জোটে...

সবকিছু এই
শুন্যে অঙ্গুলি হেলনে, চিত্রকল্প লেখা
ছবিদের যাতায়াত, প্রদীপশিখায় নিভৃতের খেলা।

বর্ষা

কথার মাঝে বর্ষা এল, কাজল চোখে,
নির্নিমেষে তাকিয়ে ছিলাম ভিজব বলে।
বর্ষ বাদে স্পর্শ ছিল উষ্ণ প্রেমের,
সময় ছিল, দাঁড়িয়ে যেন একটু দূরে।

"সময় শেষে ছাড়িয়ে নেবে হাতটা তুমি,
রাস্তা আবার ডাকবে তোমায়, চলবে তুমি।"
আমার আদর জবাব ছিল অনুযোগের
মেঘ মল্লার ভাষ্য ছিল সজল চোখে।

ছাড়িয়ে এলাম।
পেরিয়ে এলাম, তার সে গলি, তার সে পাড়া।
আকাশ জুড়ে বর্ষা আজকে বাঁধন ছাড়া।
সিক্ত হয়ে বইছে আজ রাস্তা, সময়, ভুবন ডাঙ্গা,
আর
আবছা করে দৃষ্টি-সীমা,
আমার চোখেও ঝরছে আজ বৃষ্টিধারা।

Saturday, July 15, 2017

অহর্নিশ

পূতিগন্ধ! আবর্জনা!
প্রত্যহ, অহর্নিশ
মূষিকের প্রসব, নারকীয় কীটের আনাগোনা।
নিজঅক্ষে ঘূর্ণিত অবণী
গম্ভীর অম্বর, তাড়িত মেদিনী।
প্রাণবায়ু, নিশ্বাস, প্রাণ-হীন।

দ্বিপদীয় দ্বিচারিতা প্রকট অতি
বিরাম কোথায়? কুত্র স্বল্প যতি?